বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং স্যান্ডারি কোয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন সচেতনতামূলক বার্তা, ব্যানার ও দেয়ালিকা স্থাপন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার, জাগোনারীর প্রোগ্রাম ম্যানেজার মো. শাহিন আহমেদ, উপজেলা সিভিক ফোরাম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজসেবক মইনুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক উৎপল কুমার শিক্ষার্থীদের সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। প্রোগ্রাম ম্যানেজার মো. শাহিন আহমেদ বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের করণীয় ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। সিভিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খোকন শিক্ষার্থীদের সচেতনতামূলক বিষয়গুলো মেনে চলার আহ্বান জানান।
যুব ফোরামের সভাপতি মো. জুবায়ের ইসলাম বাল্যবিবাহের কুফল, প্রতিরোধের উপায়, অভিযোগ জানানোর পদ্ধতি ও সংশ্লিষ্ট আইন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয়, দুর্যোগ সংকেত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার সমতা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
আলোচনায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে “একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে”—এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। শেষে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ, গাছের যত্ন নেওয়া এবং নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগ্রহ ও মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করে।