রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকেই নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
এ ছাড়া স্টার্টআপ খাতে ঋণের পাশাপাশি ইক্যুইটি বিনিয়োগের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যোগ্য স্টার্টআপগুলো ইক্যুইটি সহায়তা পাবে।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পরিচালিত ১ হাজার কোটি টাকার তহবিল ২০২৫ সালের ১৪ জুলাই সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে এ কর্মসূচির ধারাবাহিকতায় ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।