মঙ্গলবার বাংলাদেশের ২৮৬ রান তাড়া করতে নেমে ২ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৫৬ রানেই ৯ উইকেট হারায় তারা। শেষদিকে ক্যামেরন গ্রিনের পঞ্চাশোর্ধ ইনিংসে ১৯১ পর্যন্ত গিয়েছিল তারা। তবে এরপর বজ্রপাত আর বৃষ্টিতে খেলা হয়নি। বাংলাদেশ জয় পায় বৃষ্টি আইনে ৮৬ রানে। নাহিদ রানা একাই নেন ৪ উইকেট।
দুই দলের পেস আক্রমণ কী পার্থক্য গড়ে দিয়েছে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারি বলেন, ‘আমাদের ব্যাটারদের জন্য ওদের (বাংলাদেশ) অনেক পেসারই নতুন ছিল। বিশেষ করে নাহিদ আজ আলাদা করে নজর কেড়েছে। এই ধরনের উইকেটে তার বাড়তি গতি ও বাউন্স কাজে দিয়েছে। তবে আমি মনে করি, আমাদের পেসাররাও শুরুতে ভালো বোলিং করেছে। আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো নিতে পারিনি। আশা করি বৃহস্পতিবার ফিল্ডিংয়ে আমরা আরও নিখুঁত হতে পারব। আমাদের ব্যাটাররা এখন তাদের পেস আক্রমণ ও স্পিনারদের দেখে ফেলেছে। এখন বিষয়টা হলো দ্রুত শেখা। আমরা আন্তর্জাতিক ক্রিকেটার, এটাই আমাদের কাজ। পরের ম্যাচে সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে ভালোভাবে ফিরতে হবে।’
অস্ট্রেলিয়া বেশিরভাগই ব্যাটারই এবার প্রথম নাহিদ রানার মুখোমুখি হয়েছে। রানাকে মূল্যায়ন করতে গিয়ে ক্যারি বলেন, ‘সে সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা সবাই তার গতি সম্পর্কে জানতাম। কিন্তু সামনে দাঁড়িয়ে খেলার অভিজ্ঞতা আলাদা। সে অনেক লম্বা একজন অ্যাথলেট, ফলে বাড়তি বাউন্সও পায়। সে দারুণ বোলিং করেছে। এখন আমাদের সামনে আরও দুই ম্যাচ আছে। বৃহস্পতিবার ও রোববার আবার তার বিপক্ষে খেলব। আশা করি এরপর তাকে সামলাতে পারবো।’
অসি অধিনায়ক জস ইংলিসকে আউট করে বুনো উদযাপন করেন রানা। এই সময়ে দুজনের কথার লড়াইও চলে। সেই ঘটনা নিয়ে ক্যারি বলছেন, ‘আমি এখনও জশের সঙ্গে এ নিয়ে কথা বলিনি। তবে আমার মনে হয় ক্রিকেটে এমন একটু উত্তাপ থাকাই ভালো। অবশ্যই সেটা সীমা ছাড়ানো উচিত নয়। তবে আমি এটাকে দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই দেখছি। যদিও ঠিক কী কথা হয়েছে, সেটা আমি জানি না।’
বাংলাদেশি পেসারের কাছ থেকে এমন আগ্রাসন কি প্রত্যাশিত ছিল কিনা প্রশ্নের উত্তরে ক্যারি বলেন, ‘আমরা তার হাইলাইটস ও ভিডিও দেখেছি। বিশেষ করে দ্বিতীয় স্পেলে ফিরে এসে সে যেভাবে বোলিং করেছে, সেটাও প্রত্যাশিত ছিল। আমরা জানতাম কী আসছে। কিন্তু তাকে সামলাতে পারিনি। তবে দ্রুতগতির বোলারদের কাছ থেকে এমন প্রতিদ্বন্দ্বিতা আপনি আশা করতেই পারেন। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা পরিস্থিতি বদলাতে পারব।’