নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়ার স্থানীয় আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কলকাতার নিউ মার্কেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্তসহ তার পরিবারের সদস্যরা প্রাণ হারান। নিহতদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর রয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।