বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

জ্বালানি সংকটে ধাক্কা পোশাকশিল্পে, রপ্তানি বাজার হারানোর আশঙ্কা

জ্বালানি সংকটে ধাক্কা পোশাকশিল্পে, রপ্তানি বাজার হারানোর আশঙ্কা

সাভারের আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার পরিচালক সঞ্জয় কুমার জানালেন, দিনে প্রায় ১০ ঘণ্টা কারখানা চালু থাকলেও এর মধ্যে ৫ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রপ্তানি করছেন তিনি। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক বাজার ধরে রাখতে যেমন পণ্যের মান বজায় রাখা জরুরি, তেমনি সময়মতো সরবরাহ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সে কারণে বিদ্যুৎ না থাকলেও উৎপাদন বন্ধ রাখা যাচ্ছে না; জেনারেটরের সাহায্যে কাজ চালাতে হচ্ছে।

তবে জেনারেটর দীর্ঘ সময় চালাতে প্রয়োজনীয় জ্বালানি জোগাড় করা এখন বড় চ্যালেঞ্জ। ডিজেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে যেতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তবুও অনেক সময় পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ী সাঈদ হাসান।

ব্যবসায়ীদের মতে, ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পে বড় প্রভাব ফেলেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে।

বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কের পর টানা আট মাস ধরে রপ্তানি কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত মার্চে ২৮১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৮৫৮ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৫১ শতাংশ কম।

বিজিএমইএ আশঙ্কা করছে, উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় সামনের মাসগুলোতে রপ্তানি আরও হ্রাস পেতে পারে।

গত কয়েক বছর ধরেই বিদ্যুৎ খাত নানা সংকটে রয়েছে। করোনা মহামারির পর ডলার সংকটে তেল, গ্যাস ও কয়লা আমদানি কমে যাওয়ায় অনেক সরকারি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বকেয়া পরিশোধে সমস্যার কারণে বেসরকারি খাত থেকেও বিদ্যুৎ সরবরাহ কমেছে। এর মধ্যে ইরান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। আগে দিনে ১-২ ঘণ্টা লোডশেডিং হলেও এখন তা দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বিদ্যুৎ ঘাটতির কারণে জেনারেটরের ওপর নির্ভরতা বেড়েছে, ফলে ব্যয়ও দ্বিগুণ হয়েছে। আগে যেখানে মাসিক বিদ্যুৎ ও জ্বালানি খরচ ছিল ১৫–১৬ লাখ টাকা, এখন তা বেড়ে প্রায় ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানান সঞ্জয় কুমার।

তবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় থাকা কারখানাগুলো তুলনামূলকভাবে কম সমস্যায় আছে। ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গাজীপুর বা আশুলিয়ার তুলনায় ইপিজেড এলাকায় পরিস্থিতি কিছুটা ভালো। কিন্তু দেশের প্রায় আড়াই হাজার রপ্তানিমুখী কারখানার বেশিরভাগই এই এলাকার বাইরে, ফলে তারা এ সুবিধা পাচ্ছে না।

এর মধ্যে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে, যা উৎপাদন ব্যয় আরও বাড়াবে। পাশাপাশি কাঁচামাল ও পরিবহন ব্যয়ও বেড়েছে। তুলার দাম প্রতিকেজিতে প্রায় ৬০ সেন্টস বা আড়াইশ’ টাকা বেড়েছে। পলিস্টার ও নাইলনের মতো পেট্রোলিয়ামজাত কাঁচামালের দামও দ্রুত বাড়ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না, অনেক ক্ষেত্রে শিপমেন্ট বিলম্বিত হচ্ছে। এতে ক্রেতারা অসন্তুষ্ট হচ্ছেন এবং দ্রুত সরবরাহের জন্য বিমানপথে পণ্য পাঠানোর চাপ দিচ্ছেন, যা খরচ আরও বাড়াচ্ছে বলে জানান সাঈদ হাসান।

তবে এই বাড়তি ব্যয় বহন করতে রাজি নন অধিকাংশ বিদেশি ক্রেতা। কারণ, অর্ডার নেওয়ার পর খরচ বেড়েছে। নতুন দামে প্রস্তাব দিলে অনেকেই অর্ডার নিশ্চিত করছেন না, বরং অপেক্ষা করছেন দাম কমার জন্য।

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে পড়ছে, যার পুরো চাপই উদ্যোক্তাদের বহন করতে হচ্ছে। এতে আয় দিয়ে ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে, শ্রমিকদের বেতন দেওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন অর্ডার কমে যাওয়াও বাড়তি দুশ্চিন্তার কারণ। ব্যবসায়ীরা বলছেন, এর প্রভাব এক থেকে দেড় মাস পর আরও স্পষ্ট হবে। এমনকি ঈদের সময় অনেক কারখানার মালিক শ্রমিকদের বেতন দিতে সমস্যায় পড়তে পারেন।

বর্তমানে পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও প্রতিযোগিতা বাড়ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্রেতা হারানোর ঝুঁকি বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে সময়মতো পণ্য সরবরাহ কঠিন হয়ে পড়বে, ফলে ক্রেতারা বিকল্প বাজারে চলে যেতে পারেন।

সংকট মোকাবিলায় সম্প্রতি খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। বিজিএমইএ সরকারের কাছে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সরকার বলছে, তারা সমস্যা সমাধানে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক সমাধান হিসেবে পোশাক কারখানাগুলোর জন্য আলাদা জ্বালানি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা দেশের যেকোনো পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি নিতে পারবেন। ইতোমধ্যে প্রায় এক হাজার কারখানা কার্ডের জন্য আবেদন করেছে এবং বিতরণ শুরু হয়েছে।

দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পোশাক কারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনের সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। সরকার জানিয়েছে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী এ খাতে সহযোগিতা দেওয়া হবে।

এ ছাড়া চলতি বছরের শেষ প্রান্তিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১