বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যিক পরিবেশ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে সারাদেশে ৩ লাখের বেশি ফেসবুকভিত্তিক ও অনলাইন ব্যবসা সক্রিয় রয়েছে। এর আনুমানিক ৫০ শতাংশ নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত বা নারীদের যৌথ মালিকানাধীন। শহর ও জেলার বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা নানা কাঠামোগত ও সরবরাহসংক্রান্ত চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসা গড়ে তুলছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন।
প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার মালিকদের অনলাইনে ব্যবসা পরিচালনায় সহায়তা করার লক্ষ্যেই জেডকমার্স তৈরি করা হয়েছে। কোনো কোডিং বা বিশেষ প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই প্ল্যাটফর্মটির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে একটি পূর্ণাঙ্গ অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করা যায়।
জেডকমার্সে ব্যবসায়ীরা পণ্যের তালিকা তৈরি, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, নিজস্ব স্টোরের লিংক শেয়ার এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে একটি ড্যাশবোর্ড থেকেই পণ্যের মজুত, অর্ডারের অবস্থা ও সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০০ সদস্যকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবসা ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে নারী উদ্যোক্তারা পেশাদার ডিজিটাল স্টোর ও সহজ ব্যবস্থাপনা সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবেন। এতে স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগ সম্পর্কে এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেন, “দেশের বৃহত্তম অনলাইন পেমেন্ট সক্ষমতাদাতা হিসেবে ডিজিটালভাবে দক্ষ, লেনদেনে স্বাধীন এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনে আমাদের ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের প্রমাণিত সক্ষমতা ও আধুনিক উদ্ভাবনকে আমরা জেডকমার্সের মতো ব্যবসাবান্ধব সমাধানে রূপ দিয়েছি। এই যাত্রায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অংশীদার হিসেবে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেন, “আমাদের সদস্যদের জন্য এটি একটি পরিবর্তনের সূচনা। আমাদের অনেক নারী উদ্যোক্তা নিজেদের দৃঢ়তা ও প্রচেষ্টায় ব্যবসা গড়ে তুলেছেন। কিন্তু স্থানীয় বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম তাদের হাতে ছিল না। জেডকমার্সের মাধ্যমে তারা পেশাদার স্টোর, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং সারাদেশে বিক্রি করার আত্মবিশ্বাস পাবেন। রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য এই সুযোগ নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”
চুক্তি স্বাক্ষরের পর চেম্বারের সদস্যদের জন্য একটি ডিজিটাল ব্যবসা সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন করা হয়। এতে অনলাইন স্টোর তৈরি, পণ্যের তালিকা ব্যবস্থাপনা, অর্ডার অনুসরণ, স্থানীয় সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট, অনলাইনে বিক্রির নিরাপত্তা এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার ও গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে জেডকমার্স প্ল্যাটফর্মের সরাসরি প্রদর্শনী তুলে ধরা হয়। একই সঙ্গে অনুষ্ঠানস্থল থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনলাইনে বিক্রি শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
এর আগে জেডকমার্স নাটোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অংশীদারিত্ব করেছে। ওই উদ্যোগের আওতায় চেম্বারের ৩০০ সদস্যকে জেডকমার্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।