জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ধরনের চকলেট ও উন্নতমানের সিরাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের চালান প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বেশ কয়েকটি চৌকস দল ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে কৌশলগত অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় চালানের মালামাল উদ্ধার করেন। জব্দকৃত এসব পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তজুড়ে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।