আগামী রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। ফিফার তথ্যমতে– ফাইনালে স্লাভকো ভিনচিচ প্রধান রেফারি, তারই স্বদেশি স্লোভেনিয়ান টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ সহকারী রেফারি এবং জর্ডানের আদম মাখাদমেহ চতুর্থ ও মোহাম্মদ আলকালাফ রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স) এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।
কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেখানে তিনি দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন। ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ফলে রোববারের ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের দায়িত্ব ভিনচিচের রেফারিং ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ভৌগোলিক দূরত্বের কারণে আর্জেন্টিনার ম্যাচে ভিনচিচের দায়িত্ব পালনের সুযোগ তুলনামূলকভাবে কম হয়েছে। তবে তিনি এমন একটি ম্যাচ পরিচালনা করেছিলেন, যা আধুনিক আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ও বেদনাদায়ক স্মৃতি।
এখন পর্যন্ত মাত্র একবারই আর্জেন্টিনার ম্যাচে রেফারি ছিলেন ভিনচিচ। সেটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে সৌদি আরবের বিপক্ষে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। ওই ম্যাচে সৌদি আরব ২-১ গোলে ইতিহাস গড়া জয় তুলে নিয়ে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেয়। একইসঙ্গে সেটাই ছিল ভিনচিচের পরিচালনায় মেসিদের একমাত্র পরাজয়।
আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচটি হারলেও, রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত শুরুতে ডিফেন্ডিং মেসি-আলভারেজদের পক্ষেই গিয়েছিল। ম্যাচের সপ্তম মিনিটে কর্নার কিকের সময় লিয়েন্দ্রো পারেদেসকে টেনে ফেলার ঘটনায় ভিনচিচ আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। বিতর্কিত সেই সিদ্ধান্ত থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। এ ছাড়া পুরো ম্যাচে সৌদি আরবের খেলোয়াড়দের ছয়টি হলুদ কার্ড দেখান ভিনচিচ, অথচ আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কেই কার্ড দেখাননি।
উয়েফার অন্যতম সেরা রেফারি হওয়ায় স্পেনের একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ হয়েছে ভিনচিচের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে লা রোজার ম্যাচে তার দায়িত্ব পালনের শুরু। এরপর ইউরো ২০২০-এ সুইডেনের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ এবং ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালির ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেন। তবে সব ম্যাচই ছিল লামিনে ইয়ামালের আন্তর্জাতিক অভিষেকের আগের।
ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভিনচিচ এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। দুটি ম্যাচই ছিল স্পেনের ইউরো ২০২৪ জয়যাত্রার অংশ। প্রথমটি গ্রুপপর্বে ইতালির বিপক্ষে ১-০ গোলের জয় এবং দ্বিতীয়টি ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জয়, যেখানে কিশোর তারকা ইয়ামাল দুর্দান্ত দূরপাল্লার শটে স্মরণীয় সমতাসূচক গোল করেছিলেন।