তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো ছবি ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে ঝড় তোলা নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের ঘোষণা এসেছে আনুষ্ঠানিকভাবে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে কোনো তামিল ছবির প্রথম হলিউড রিমেক।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। যদিও এই নাম নিয়ে জোর জল্পনা চলছে, তবে আনুষ্ঠানিকভাবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সুধন সুন্দরম জানান, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে কাজটি করার পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর স্বত্ব কেনার আগ্রহ দেখায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই শুরু হবে ছবির শুটিং।