আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যের ভুলের কারণে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি, তাদের বকেয়া অর্থ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে নতুন অপশন যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬-এর মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি-এমন শিক্ষক-কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
মাউশি জানিয়েছে, যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে, অর্থাৎ বাউন্স ব্যাক হলে, সেটি বকেয়া হিসেবে বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই। ‘ইএফটি স্যালারি বাউন্স’ অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য দেওয়া হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ আবার পাঠানো হবে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি সাবমিট করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।