বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তিনি সংসদে উপস্থিত হন। পরে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই সংসদ সদস্য।
শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে বক্তব্য না দিয়ে বসেই বক্তব্য দেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’
সংসদে ফিরে নিজের অনুভূতি প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে আবার কথা বলার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দ, গর্ব ও সৌভাগ্যের বিষয়। তবে তার চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসার মাঝপথে মহান সংসদের প্রতি আবেগ, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি অধিবেশনে যোগ দিয়েছেন।
তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগই তার কাছে সবচেয়ে বড় বিষয়। মহান আল্লাহর কাছে সুস্থতা ও শক্তি কামনা করেন তিনি, যাতে নির্বাচনি এলাকার মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য জীবনের অবশিষ্ট সময়টুকু নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারেন।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর আবারও জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ সময় পর সংসদে ফিরে আসার এই দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন তিনি।