‘নিউজ এইট্টিন’-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, বেণি করলে চুল দ্রুত বাড়ে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুলের বৃদ্ধির গতি মূলত জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। তবে খাদ্যাভ্যাস, জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিয়মিত চুলের যত্ন চুলের স্বাস্থ্য ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, রাতে আলগা করে বেণি করে ঘুমালে চুলে ঘর্ষণ ও জট পড়ার প্রবণতা কিছুটা কমতে পারে। খোলা চুলে ঘুমালে বালিশ বা চাদরের সঙ্গে ঘষা লেগে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বেণি করে রাখলে এই ঘর্ষণ তুলনামূলকভাবে কমানো সম্ভব।
এ ছাড়া খোলা চুলে ঘুমালে সহজেই জট তৈরি হতে পারে। পরে চিরুনি দিয়ে সেই জট ছাড়ানোর সময় চুলে টান পড়ে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। সেদিক থেকে আলগা বেণি চুলকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
তবে বেণি করার সময় সতর্ক থাকা জরুরি। খুব শক্ত করে চুল বাঁধা উচিত নয়। দীর্ঘ সময় চুলের গোড়ায় টান থাকলে ফলিকলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে চুল পড়ার সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, চুল দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বাড়ানোর ক্ষেত্রে বেণি করার চেয়ে সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ, রাতে আলগা করে বেণি করলে চুলের যত্নে কিছুটা সুবিধা মিলতে পারে, কিন্তু এটিকে চুল দ্রুত লম্বা করার বৈজ্ঞানিক উপায় হিসেবে দেখার সুযোগ নেই।