রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রথম সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি ইউএনজিএর আসন্ন অধিবেশনকে ঘিরে উচ্চপর্যায়ের যোগাযোগ ও আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো নতুন খাতে বাণিজ্য বৈচিত্র্য আনার বিষয়ে মতবিনিময় করেন তারা। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। রোহিঙ্গাদের জন্য কানাডার অব্যাহত সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। জবাবে কানাডার হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নে কানাডার সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরির সম্ভাবনা এবং জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
বৈঠকের শেষে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।