রোববার (১২ এপ্রিল) প্রকাশিত ‘এসএসসি পরীক্ষা পরিচালন-সংক্রান্ত নীতিমালা–২০২৬’-এ এ সংক্রান্ত নির্দেশনা তুলে ধরা হয়।
নীতিমালায় বলা হয়েছে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা বিষয় কোড লিখতে ভুল হলে সেটি একটানে কেটে সঠিক তথ্য লিখতে হবে। তবে বৃত্ত (ওএমআর) ভরাটে ভুল হলে কোনো অবস্থাতেই ইরেজার, ব্লেড বা সাদা ফ্লুইড ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে সঠিক বৃত্তটি পুনরায় ভরাট করতে হবে, যদিও একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে।
সেট কোডের ক্ষেত্রে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী ভুল সেট কোডের বৃত্ত ভরাট করে, তাহলে সেই ভরাট করা সেট অনুযায়ীই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। পরীক্ষার পর এ বিষয়ে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না।
এছাড়া, কেউ যদি সেট কোডের কোনো বৃত্ত ভরাট না করে বা একাধিক বৃত্ত ভরাট করে, তাহলে তার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে।
সৃজনশীল (লিখিত) পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত উত্তরপত্র নেওয়া হলে কক্ষ পরিদর্শককে সঙ্গে সঙ্গে মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় অতিরিক্ত কপির সংখ্যা লিখিয়ে নিতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত পূরণ করাতে হবে। অতিরিক্ত উত্তরপত্রে বিষয়, বিষয় কোড ও পরীক্ষার তারিখ সঠিকভাবে উল্লেখ করে পরিদর্শকের স্বাক্ষর নিতে হবে।
এগুলো মূল উত্তরপত্রের সঙ্গে সেলাই করে যুক্ত করতে হবে; কোনো অবস্থাতেই স্ট্যাপল করা যাবে না বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের এই নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সতর্কতার সঙ্গে উত্তরপত্র পূরণ করার আহ্বান জানানো হয়েছে।