অভিযানে প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে পৌর কলেজ রোড এলাকার গ্যাস ও খাদ্যপণ্য বিক্রির বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া গ্যাস বিক্রির দায়ে ‘মেসার্স মল্লিক গ্যাস ঘর’-এর স্বত্বাধিকারী মো. মুক্তাজুর রহমান মল্লিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ, অবৈধ মজুত বন্ধ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করতে হবে। কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ভেজাল ওষুধ এবং শিশু খাদ্য বিক্রি করা যাবে না।
অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।