শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং মাদকের সঙ্গে কোনোভাবেই যুক্ত না হয়, সে জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক গ্রহণের ফলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
মাদকের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, দেশে মাদক উৎপাদিত না হলেও পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্নভাবে তা প্রবেশ করছে। এর মাধ্যমে দেশের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যদের কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে কাজ চলছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ সফল করা সম্ভব।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।