শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ কর্মসূচিতে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লং মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। জনগণের ক্ষোভ ও প্রত্যাশার যে উত্তাপ তৈরি হয়েছে, সরকার তা উপলব্ধি করছে কি না—এখন সেটিই প্রশ্ন।
তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার কাঙ্ক্ষিত ফল দ্রুত মানুষের ঘরে পৌঁছাতে না পারলে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। তাই সরকারের উচিত জনগণের প্রত্যাশা ও যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা।
এনসিপির এই নেতা আরও বলেন, “আমাদের ছয় দফা যৌক্তিক দাবি অবিলম্বে মানতে হবে। দাবি না মানলে এই ছয় দফা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিতে বাধ্য হবে।”
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লং মার্চটি শনিবার ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রামের উদ্দেশে এগিয়ে যায়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।