এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’
ইসা ফয়সাল বাংলাদেশের পরীক্ষিত ফুলব্যাক। হ্যাভিয়ের ক্যাবরেরার সুনজরে না থাকায় বছর খানেকের বেশি সময় তিনি জাতীয় দলে ছিলেন না। থমাস ডুলির বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। সেই ইসা এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে ঠাঁই পেলেন না। সান মারিনো সফরে ছিলেন মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। তারাও এবার চূড়ান্ত তালিকায় নেই।
দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তারা সেভাবে কোচের নজর কাড়তে পারেননি। আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ অবশ্য এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছেন। বাদ পড়ায় ইতোমধ্যে হোটেল ত্যাগ করেছেন কাজেম, ইসা ও তাজ উদ্দিন। রাহুল অবশ্য এখনও হোটেলে রয়েছেন। কেন তারা বাদ পড়েছেন সেটা কোচ কিংবা ফেডারেশন এখনও ব্যাখ্যা দেয়নি। তবে তাদের পজিশনে একাধিক ফুটবলার থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারেন কোচ ডুলি।