ইরানের পরিবহনমন্ত্রী ফারজানে সাদেঘের সঙ্গে বৈঠকের পর আল-হাজ্জাজ বলেন, বিমান চলাচলে সৃষ্ট সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা নিয়ে দুই দেশ আলোচনা করছে। একই সঙ্গে বিমান পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যে নিয়মিত বিপুলসংখ্যক মুসল্লি, শিক্ষার্থী ও ব্যবসায়ী যাতায়াত করেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কও রয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে আল-হাজ্জাজ বলেন, ‘দুই দেশের মধ্যে বিমান চলাচল শিগগিরই আবার শুরু হবে।’
গত আগস্টে ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির বিমান চলাচল খাতও রয়েছে। এরপর বিভিন্ন দেশ ইরানে যাতায়াতকারী ফ্লাইট বাতিল করেছে।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী ইরাকের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে তেহরান ও বাগদাদ।
সূত্র : সিবিএস নিউজ