অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা ও কমিউনিটি সংগঠনের নেতারা জানান, প্রবাসী বাঙালি কমিউনিটি উৎসবটি উপভোগ করেছে। তাদের মতে, চট্টগ্রাম উৎসব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি চট্টগ্রামবাসীর সম্মিলিত ঐতিহ্য, পরিচয় ও গৌরবের আয়োজন।

আয়োজকেরা জানান, যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে উৎসব ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে সংযোগ দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পাশাপাশি চট্টগ্রামের ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্যও রয়েছে। যুক্তরাজ্যে কার্যরত চট্টগ্রামভিত্তিক বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং কমিউনিটির বিভিন্ন অংশকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন আয়োজকেরা।
উৎসবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উপাদান তুলে ধরা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে, উন্মুক্ত মাঠে এবং বেশি মানুষের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকেরা।
যুক্তরাজ্যের চট্টগ্রামভিত্তিক সংগঠন, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে উৎসবের আয়োজন সম্পন্ন হয়।