বার্তায় মোজতবা খামেনি বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইসলামি ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধিতে পুলিশ সদস্যরা উত্তরোত্তর সাফল্য অর্জন করবেন।
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে মোজতবা খামেনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের ওপর ধারাবাহিকভাবে আঘাত হানার চেষ্টা করেছে। তবে এসব হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে সামান্যতম বিচ্যুত হননি বলে তিনি উল্লেখ করেন।
বার্তায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানবসম্পদ, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সামগ্রিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পরিশেষে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।