প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্বের প্রায় ৯০টি দেশে ৪৭ কোটি ৭০ লাখের মতো আদিবাসী মানুষ বসবাস করেন। দিবসটির অন্যতম লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও তাদের অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।
এ ছাড়া নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে ভূমি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় এ দিবসে।
বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবন-জীবিকার নানা সংকটের বিষয় তুলে ধরা হচ্ছে।