তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে ‘আমি’র পরিবর্তে আন্তরিকভাবে ‘আমরা’ শব্দটি ধারণ ও ব্যবহার করা গেলে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলসের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সম্মেলনে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
এ ছাড়া যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের উদ্যোগে ১৯৯৫ সালে বিলস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১২টি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন বিলসের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।
যৌথ দরকষাকষি ও শ্রমিকদের অন্যান্য অধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কাজ।