দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সিলেটের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
একদিনের সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি নগরবাসীর সঙ্গে সাক্ষাৎ এবং সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন রাষ্ট্রপতি। দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
একদিনের সফর শেষে রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।